কলকাতা: ভারতের জার্সিতে রিয়ান পরাগকে শেষবার দেখা গিয়েছিল গত বছর। এরপর কাঁধের চোটের কারণে চলতি বছরে আর জাতীয় দলে জায়গা করে নিতে পারেননি অসমের এই তরুণ অলরাউন্ডার। তবে ভারতীয় দলে ফেরার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী পরাগ। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিদর্ভের বিরুদ্ধে অসমকে ৫৮ রানে জেতানোর পর নিজের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে মুখ খোলেন রিয়ান। তিনি বলেন, “আমার মনে হয় আমি ভারতের হয়ে খেলার যোগ্য ছিলাম। এটা আপনারা বিশ্বাস বলতে পারেন, আবার চাইলে অতিরিক্ত আত্মবিশ্বাসও বলতে পারেন। কিন্তু আমি জানি, কাঁধের চোটের কারণেই এখন ভারতের হয়ে খেলছি না।” পরাগের দাবি, পুরোপুরি ফিট হয়ে উঠলে ভারতের হয়ে সাদা বলের দুই...
কলকাতা: ভারতের জার্সিতে রিয়ান পরাগকে শেষবার দেখা গিয়েছিল গত বছর। এরপর কাঁধের চোটের কারণে চলতি বছরে আর জাতীয় দলে জায়গা করে নিতে পারেননি অসমের এই তরুণ অলরাউন্ডার। তবে ভারতীয় দলে ফেরার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী পরাগ। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিদর্ভের বিরুদ্ধে অসমকে ৫৮ রানে জেতানোর পর নিজের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে মুখ খোলেন রিয়ান। তিনি বলেন, “আমার মনে হয় আমি ভারতের হয়ে খেলার যোগ্য ছিলাম। এটা আপনারা বিশ্বাস বলতে পারেন, আবার চাইলে অতিরিক্ত আত্মবিশ্বাসও বলতে পারেন। কিন্তু আমি জানি, কাঁধের চোটের কারণেই এখন ভারতের হয়ে খেলছি না।” পরাগের দাবি, পুরোপুরি ফিট হয়ে উঠলে ভারতের হয়ে সাদা বলের দুই ফর্ম্যাটেই খেলার সামর্থ্য রয়েছে তাঁর। তাঁর কথায়, “যখনই আমি পুরোপুরি ফিট হয়ে উঠব, আপনারা আমাকে আবার ভারতের জার্সি গায়ে দেখতে পাবেন।” তবে জাতীয় দলে ফেরার অপেক্ষার মাঝেই অসমের হয়ে খুব একটা ভাল ছন্দে নেই পরাগ। তাঁর নেতৃত্বে দল পাঁচ ম্যাচে দু’টি জয় পেলেও ব্যাট হাতে অধিনায়কের পারফরম্যান্স এখনও আশানুরূপ নয়। পাঁচ ইনিংসে মাত্র ৩৯ রান, গড় ৭.৮০। এমনকি চলতি প্রতিযোগিতায় এখনও বলও করেননি তিনি। তবে নিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নন রিয়ান পরাগ। তাঁর আত্মবিশ্বাস, ফিট হয়ে মাঠে ফিরলে আবারও ভারতীয় দলের দরজা তাঁর জন্য খুলবে।